
জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জ বাজারে নির্ধারিত শেড নির্মাণের পরও বাইরে মাংস বিক্রি নিয়ে বিরোধ দেখা দিয়েছে। বাজারের চৌমুহনীসহ বিভিন্ন স্থানে মাংসের দোকান পরিচালনার কারণে পরিবেশ দূষণ, দুর্গন্ধ, বর্জ্য ও জনস্বাস্থ্য ঝুঁকির অভিযোগ তুলেছেন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।
সব মাংসের দোকান পৌরসভার নির্ধারিত শেডে স্থানান্তরের দাবি জানিয়ে বাজার ব্যবস্থাপনা কমিটির কাছে লিখিত আবেদন করেছেন ৫৭ জন। পৌরসভা, উপজেলা আইনশৃঙ্খলা কমিটি ও বাজার ব্যবস্থাপনা কমিটির একাধিক সিদ্ধান্তের পরও নির্ধারিত স্থানের বাইরে ব্যবসা চলায় ক্ষোভ বাড়ছে। এদিকে দোকানঘরের মালিকানা ও ব্যবসা পরিচালনার অধিকার নিয়ে দুই ব্যবসায়ীর পৃথক স্বত্ব মামলা বিরোধকে আদালত পর্যন্ত গড়িয়েছে।
পৌরসভার নথি অনুযায়ী, ২০২৬ সালের ৭ জুলাই পৌর প্রশাসক প্রণয় বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভায় মাছবাজারের পাশে মাংস বিক্রির দোকানকোঠা নির্মাণের সিদ্ধান্ত হয়। এডিপির বরাদ্দ থেকে দোকানকোঠা নির্মাণের সিদ্ধান্তের পর মাংস ব্যবসায়ীদের জন্য শেড নির্মাণ করা হয়। পরে ২৫ আগস্ট উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বাজারের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে মাংসের দোকানগুলো নির্ধারিত শেডে স্থানান্তরের দাবি ওঠে। ২ সেপ্টেম্বর বাজার ব্যবস্থাপনা কমিটি মাংস ব্যবসায়ীদের ছয়টি শর্তসংবলিত সতর্কবার্তা দেয়। এতে প্রাণিসম্পদ বিভাগের স্বাস্থ্য সনদ নিয়ে পশু জবাই, দায়িত্বশীল ব্যক্তির উপস্থিতি, সকাল ৮টার পর জবাই এবং পৌরসভা নির্ধারিত স্থানে মাংস বিক্রির নির্দেশনা দেওয়া হয়। বাজার ব্যবস্থাপনা কমিটির একাধিক কার্যকরী কমিটির সভা ও বিশেষ সভায়ও নির্ধারিত শেডে দোকান স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। কিন্তু অভিযোগ রয়েছে, এসব সিদ্ধান্ত উপেক্ষা করে চৌমুহনীতে ব্যবসা চালিয়ে যাচ্ছেন কয়েকজন মাংস ব্যবসায়ী।
৫৭ জন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দার লিখিত অভিযোগে বলা হয়, নির্ধারিত স্থানের বাইরে মাংস বিক্রির কারণে রক্ত, বর্জ্য, দুর্গন্ধ ও অপরিচ্ছন্নতা ছড়িয়ে পড়ছে। মাছি-মশা ও জীবাণুবাহী পোকামাকড়ের উপদ্রব বাড়ছে, ব্যাহত হচ্ছে ক্রেতাদের চলাচল এবং বাজারের স্বাভাবিক পরিবেশ। সব মাংস ব্যবসায়ীকে নির্ধারিত শেডে স্থানান্তর এবং অন্যত্র বিক্রি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
বাজারের পুরোনো মাংস ব্যবসায়ী আলা উদ্দিন বলেন, তাঁর বাবা মরহুম আব্দুর নূর, সাব আলী, সিফাত আলী ও আব্দুস সোহানসহ পরিবারের সদস্যরা দীর্ঘদিন মাছবাজারের পাশের শেডে মাংসের ব্যবসা করেছেন। তিনিও সেখানে ব্যবসা করছেন। নতুন করে কয়েকজন মাংস ব্যবসা শুরু করায় বাজারের পরিবেশ ও শৃঙ্খলা নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বাজারের ব্যবসায়ী আব্দুল মুনিম বলেন, কয়েক বছর ধরে বাজারের চৌমুহনীতে মাংসের দোকান চালু হওয়ায় পরিবেশ ও অন্য ব্যবসায়ীদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
জকিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সিনিয়র সহসভাপতি শামীম আহমদ বলেন, ব্যবসায়ী ও স্থানীয় প্রশাসনের দাবির পরিপ্রেক্ষিতে একাধিকবার সংশ্লিষ্ট মাংস ব্যবসায়ীদের চৌমুহনী থেকে নির্ধারিত স্থানে যাওয়ার কথা বলা হয়েছে। কিন্তু তাঁরা সেখানে ব্যবসা চালিয়ে যাওয়ায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে এবং পরিবেশের বিঘ্ন ঘটছে। কয়েক দিন পরপর আদালতের আদেশ ও বিভিন্ন অজুহাতে তাঁরা চৌমুহনীতে গরুর মাংস বিক্রি করছেন বলে অভিযোগ করেন তিনি। শামীম আহমদ বলেন, আদালতের প্রতি তাঁরা শ্রদ্ধাশীল। আদালতের আদেশের বাইরে কোনো পদক্ষেপ নেবেন না। বাজারের পরিবেশ ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় আইনগতভাবে বিষয়টি মোকাবিলা করবেন। তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান।
এ বিরোধে দুই ব্যবসায়ী পৃথক দেওয়ানি মামলা করেছেন। স্বত্ব মোকদ্দমা নং ৮৮/২০২৬ ও ৮৯/২০২৬-এ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), পৌর প্রশাসক, জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বাজার ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি ও সাধারণ সম্পাদককে বিবাদী করা হয়েছে। বাদীদের দাবি, ভাড়া চুক্তি, জামানত ও মাসিক ভাড়া দিয়ে দোকান নিয়ে তাঁরা ব্যবসা করছেন এবং বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করেছেন। তাঁদের ট্রেড লাইসেন্স ও স্যানিটারি লাইসেন্স রয়েছে বলেও দাবি করা হয়েছে। ব্যবসায় বাধা, পুলিশি হয়রানি ও দোকান তালাবদ্ধ করার চেষ্টার অভিযোগ তুলে তাঁরা স্থায়ী নিষেধাজ্ঞা চেয়েছেন।
৮৮/২০২৬ নম্বর মামলায় বাদী রফিক আহমদের আবেদনের পর গত ১২ নভেম্বর আদালত বাজার কমিটির সহসভাপতি শামীম আহমদ ও সাধারণ সম্পাদক বেলাল আহমদকে ২১ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন—কেন তাঁদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হবে না। তবে এটি অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরের আদেশ নয়; মামলার চূড়ান্ত নিষ্পত্তিও হয়নি।
জমির মালিকানা নিয়েও নথিতে অমিল রয়েছে। জকিগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত সহকারী ভূমি কর্মকর্তা শামীম আহমদের আদালতে দেওয়া জবাব অনুযায়ী, নালিশা ভূমি আলমনগর মৌজার বিএস ৭০ নম্বর জে.এল.-এর ১৭৪৭ নম্বর দাগভুক্ত। বিএস ২৫১ নম্বর খতিয়ানে ০.০০৫৬ একর জমি আব্দুল মতলিব গংয়ের নামে রেকর্ড রয়েছে। পরবর্তী নামজারিতে ০.০০২২ একর জমি মুক্তাদির আহমদ গংয়ের নামে ১৯৪১ নম্বর খতিয়ান সৃজিত হয়। ভূমি কর্মকর্তার দাবি, জমিটি ব্যক্তিমালিকানাধীন। তবে মামলার আরজিতে খতিয়ান নম্বর ২৫৯ উল্লেখ থাকায় ২৫১ ও ২৫৯ নম্বর খতিয়ানের অমিল যাচাই প্রয়োজন। পাশাপাশি জমির মালিকানা, দোকান ভাড়ার চুক্তি এবং পৌরসভার শেড নির্মাণ ও বরাদ্দের নথিও খতিয়ে দেখা জরুরি।
পৌরসভার শেড নির্মাণ, প্রশাসনিক ও বাজার কমিটির একাধিক সিদ্ধান্ত এবং ৫৭ জনের লিখিত অভিযোগের পরও নির্ধারিত স্থানের বাইরে মাংস বিক্রির অভিযোগে বাজারের পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বিরোধের আইনগত দিক আদালতে বিচারাধীন থাকলেও বাজারের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। জমি ও দোকানের মালিকানা যাচাই, শেডের বরাদ্দপ্রক্রিয়া স্বচ্ছ করা এবং প্রচলিত আইন ও বিধি অনুযায়ী মাংস বিক্রির স্থান নির্ধারণ করে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।
